বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাধা অতি ধনীদের ক্ষুদ্র গোষ্ঠী এবং সামরিক-বেসামরিক আমলা গোষ্ঠীর নেক্সাস বা অশুভ চক্র। গতকাল সোমবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, সরকারি ক্রয়নীতির ব্যত্যয় ঘটিয়ে সরকারি টাকায় বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে টিকা সরবরাহের পরিণতি আমরা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছি। ভারত টিকা রপ্তানি বন্ধ ঘোষণার আগেই মার্চ মাসে ৫০ লাখ ডোজের জায়গায় ২০ লাখ ডোজ এসেছিল। একটি প্রতিষ্ঠানের ব্যাবসায়িক স্বার্থে একক উেসর ওপর নির্ভরতা, ঐ স্বার্থবুদ্ধিতা থেকে চীন ও রাশিয়ার টিকা, এমনকি দেশের বায়োটেকের টিকা ট্রায়াল করতে দেওয়া হয়নি। ফলে এখন সমস্ত টিকা কার্যক্রম থমকে দাঁড়িয়েছে।
মুক্তিযোদ্ধারদের গার্ড অব অনারে নারী কর্মকর্তা বাদ দেওয়ার বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশের সমালোচনা করে মেনন বলেন, এটা নাকি ধর্মবিরোধী কাজ। জানাজায় মহিলারা অংশগ্রহণ করতে পারে না বলে ফতোয়াও দিয়েছে। গার্ড অব অনার আর জানাজা এক নয়। একটি ধর্মীয় বিধি, আরেকটি সরকারি রীতি। এধরনের সুপারিশ কেবল দুঃখজনকই নয়, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।
পিডিদের জবাবদিহিতার মধ্যে আনতে
বললেন ফারুক খান
বাজেট আলোচনায় আওয়ামী লীগের মুহাম্মদ ফারুক খান বলেন, মূল চ্যালেঞ্জ রাজস্ব সংগ্রহ। কোভিডের কারণে ব্যবসায় স্থবিরতা, চাকরিতে ছাঁটাই ইত্যাদি কারণে—এটা চ্যালেঞ্জ। সব বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জিং। চলমান প্রকল্পগুলো বিভিন্ন কারণে সঠিক সময়ে হচ্ছে না। প্রকল্প পরিচালকদের জবাবদিহিতার আওতায় আনা গেলে এটি সম্ভব।
জাতীয় পার্টির (জাপা) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বৃহত্ বাজেট, বৃহত্ ঘাটতি। এটি টপ ডাউন বাজেট। আমলাতান্ত্রিক বাজেট। এই বাজেট তৈরির ক্ষেত্রে ৩৫০ জন সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা নেই। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আকতার বলেন, সমাজে ধনবৈষম্য বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ প্রস্তাবের বিরোধিতা করেন এবং কৃষকদের নগদ সহায়তার পাশাপাশি কৃষিপণ্যমূল্য কমিশন গঠন করে কৃষকদের পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।