২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

গার্ড অব অনার প্রদানে নারী ইউএনওর বিকল্প নির্ধারণের সুপারিশ অসাংবিধানিক

সংসদীয় স্থায়ী কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু-পরবর্তী গার্ড অব অনার প্রদানে নারী ইউএনওর বিকল্প কর্মকর্তা নির্ধারণের সুপারিশ নারীর প্রতি অবমাননাকর এবং সংসদ সদস্যদের সংবিধান রক্ষার শপথ ভঙ্গ। অবিলম্বে সংসদীয় কমিটির প্রস্তাব ও সুপারিশ প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও তা সুপারিশ আকারে মন্ত্রণালয়ে প্রেরণের ঘটনায় আমরা সংক্ষুব্ধ-ব্যথিত। এ ধরনের প্রস্তাব ও সুপারিশ মুক্তিযুদ্ধের গৌরবময় অর্জনের ফসল জাতীয় সংসদকে হেয়প্রতিপন্ন করাসহ জাতীয় আকাঙ্ক্ষার প্রতিও অসম্মান প্রদর্শন করেছে।

এ ধরনের প্রস্তাব ও সুপারিশ ধর্মীয় মিশেলে রাষ্ট্রাচার তৈরি একটি গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই প্রস্তাব সংবিধানের অনুচ্ছেদ ২৮ (১) ও (২) এ বর্ণিত যথাক্রমে ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না’ এবং ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী-পুরুষ সমান অধিকার লাভ করিবেন’ এর লঙ্ঘন। সংসদ সদস্য কর্তৃক সংবিধান লঙ্ঘনের অপরাধ অগ্রহণযোগ্য ও নৈতিকতার পরিপন্থি।

বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এ ধরনের প্রস্তাব ও সুপারিশ করেছেন তারা কোনোভাবেই নারীর মর্যাদা ও সমঅধিকারের প্রতি শ্রদ্ধাশীল নন। একই সঙ্গে গার্ড অব অনার রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সঙ্গে জানাজার তুলনা করাও দুঃখজনক। আমরা অনতিবিলম্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব ও সুপারিশ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। বিবৃতি স্বাক্ষরকারীরা হলেন—মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নুর মোহাম্মদ তালুকদার, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, অধ্যাপক এম এম আকাশ, উন্নয়নকর্মী রোকেয়া কবির, নারী নেত্রী খুশী কবির প্রমুখ।

সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প নির্ধারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করার সংবাদ প্রকাশিত হয়। গত ১৩ জুন ২০২১ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে পত্রিকা সূত্রে জানা গেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, সাধারণত নারীরা জানাজায় অংশ নেন না এবং এটি নিয়ে সমাজে অনেকে প্রশ্ন তোলেন, এমন অজুহাতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে যেখানে নারী ইউএনও আছেন, সেখানে পুরুষ কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা বা এ ধরনের কোনো কর্মকর্তাকে বিকল্প হিসেবে নির্ধারণের জন্য সংসদীয় কমিটি সুপারিশ করে বলে জানা গেছে।