রূপগঞ্জে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণসহ বহু মামলার আসামি সোলায়মান গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, তারাবো পৌরসভার কাউন্সিলর ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম মনিরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। তারাবো পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের খাদুন এলাকায় এ মানববন্ধন করা হয়।
এর আগে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন। বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার আওয়ামী লীগের সাধারণ গোলাম রসুল কলি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক প্রমুখ। বক্তারা বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে ও আসন্ন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ তোফায়েল আহমেদ আলমাছকে অযোগ্য করে তুলতেই গণপিটুনিতে নিহতের ঘটনায় একটি চক্র সুকৌশলে তাকে ষড়যন্ত্রভাবে আসামি করেছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার ও নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ বৃহত্তর গণ-আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।