নোভেল করোনা ভাইরাসের উত্স নিয়ে চীনকে আড়াল করার অভিযোগ আগেই উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিরুদ্ধে। কিন্তু এবার তাদের বিরুদ্ধে রীতিমতো মিথ্যাচারের অভিযোগ উঠছে, যার নেপথ্যে রয়েছে পুরোনো একটি ভিডিও, যাতে দেখা গেছে, উহানের গবেষণাগারে একঝাঁক জ্যান্ত বাদুড় খাঁচায় ভরে রাখা হয়েছে। এগুলোর শরীর থেকে নানা ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন গবেষকেরা। অথচ এর আগে হু জানিয়েছিল, উহানের গবেষণাগারে জ্যান্ত বাদুড় নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। তাতেই নতুন করে প্রশ্নের মুখে পড়ে হু-র ভূমিকা।
বিগত দেড় বছর ধরে গোটা বিশ্ব অতিমারির কবলে থাকলেও মরণ ভাইরাসের উত্স নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি গবেষকেরা। তবে বাদুড়ের শরীরে ইতিমধ্যে এই সার্স কোভিড ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সেখান থেকেই মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে বলে মত গবেষকদের একটা বড় অংশের। তাদের মতে, জ্যান্ত বাদুড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে উহানের ঐ গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো। সে নিয়ে একাধিক বার চীনকে কাঠগড়ায় তুলেছে আমেরিকাসহ বহু দেশ। কিন্তু বেইজিংয়ের তরফে বরাবরই তা অস্বীকার করা হয়েছে। আনন্দবাজার