মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ডাকাত সদস্য এবং বাড়ি মালিকের ছেলে। শুক্রবার রাতে আউটশাহী এলাকার সিলিমপুর গোলাম কবীর লাবু শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যের নামপরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ অপর ডাকাত সদস্য মো. ইদ্রিস (৩৮) ও ডাকাতের গুলিতে আহত বাড়ির মালিকের ছেলে কনু শিকদারকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আউটশাহী এলাকার একটি বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাবু শিকদারের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের ছেলে কনু শিকদারের (৩৫) সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এসময় লাবু শিকদার আত্মরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুড়ে। ডাকাত দলও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকদের মিলনমেলা
এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে বিদ্ধ হন কনু শিকদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য মো. ইদ্রিসকে (৩৮) আটক করা হয়। সে শরিয়তপুর জেলার জাজিরা এলাকার রহমান মাতবরের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি কাটার, ২টি দা, ১টি ছরা ও ১টি টর্চ লাইট উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি