প্রায় পাঁচ মাস পর বোর্ড সভা। গতকাল দুপুরের পর পরিচালকদের পদচারণায় সরগরম হয় বিসিবি কার্যালয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আসার পর শুরু হয় সভা। অনেক এজেন্ডা নিয়ে পরিচালকদের আলোচনা চলেছে রাত ৮টা পর্যন্ত। সভা থেকে এসেছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির একক আয়োজক হতে আইসিসির বিডে অংশ নেবে বিসিবি। এককভাবে আয়োজনের অবকাঠামো না থাকায় ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে উপমহাদেশের দেশগুলোর সঙ্গে যৌথ বিডে যাবে বিসিবি। ২০২১-২২ অর্থবছরের জন্য ২৬০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছে বোর্ড। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিসিবির বার্ষিক সভা হবে আগামী ৭ জুলাই। দেশীয় কোচের অধীনে ‘বাংলাদেশ টাইগারস’ নামে ছায়া জাতীয় দল গড়ে তোলা হবে।
জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্রিকেট অপারেশনস বিভাগের প্রস্তাবিত তালিকার ব্যাখ্যা চেয়েছে বোর্ড। ১৮ জনের তালিকা পরে অনুমোদন পাবে। নিশ্চিতভাবেই চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদরা। এছাড়া ২২ নারী ক্রিকেটারও কেন্দ্রীয় চুক্তির আওতায় আসবেন। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি ২০২৪ থেকে ২০৩১ সালের মাঝে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর তালিকা প্রকাশ করেছে আইসিসি। আয়োজক হতে বিডে অংশ নিতে হবে। সেপ্টেম্বরেই ঠিক হবে আয়োজক।
একই মেয়াদকালে দুটি চ্যাম্পিয়নস ট্রফি হবে। ২০১৭ সালে শেষবার হওয়া টুর্নামেন্টের পরের দুটি আসর ২০২৫ ও ২০২৯ সালে, যার একক আয়োজক হতে চায় বিসিবি। নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্বকাপ মেনস ইভেন্টের জন্য ১০টা ভেন্যু থাকতে হবে। সেটা এখন বাংলাদেশের জন্য কঠিন। চ্যাম্পিয়নস ট্রফিতে কম ভেন্যু লাগে। তাই এখানে আলাদাভাবে বিড করা যাবে। বিশ্বকাপে যৌথভাবে বিড করব। এসিসির সদস্য অন্য দেশগুলোর সঙ্গে মিলে আমরা একসঙ্গে বিড করব।’
বাংলাদেশ টাইগারস নামে ছায়া জাতীয় দল গঠন প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেছেন, ‘ছায়া জাতীয় দল। জাতীয় দলে ডাক না পাওয়ারা এই দলের হয়ে খেলবে। এখানে হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারা বছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে।’