স্পোর্টস ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সাউদাম্পটনে আগামী ১৮ জুন শুরু হতে চলা ফাইনালের জন্য কিউইদের দলটা ১৫ সদস্যের। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালের দলে জায়গা করে নিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। আর বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ইনজুরিতে পড়ায় দলে রাখা হয়েছে আজাজ প্যাটেলকে।
ইংল্যান্ডের বিপক্ষে ১-০ তে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকায় রাখায় কনওয়ে ফাইনালের দলেও সুযোগ পেলেন। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় বাঁহাতি ব্যাটসম্যান কনওয়ের। অভিষেক ইনিংসেই ডাবল সেঞ্চুরি (২০০) করেন তিনি। এরপর সিরিজের বাকী তিন ইনিংসে যথাক্রমে ২৩, ৮০ ও ৩ রান করেন। সিরিজ সেরা খেলোয়াড়ও হন ২৯ বছর বয়সী কনওয়ে। আঙুলের ইনজুরির কারনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি বাঁহাতি স্পিনার স্যান্টনার। তার জায়গায় একাদশে ছিলেন আরেক বাঁহাতি আজাজ স্পিনার প্যাটেল। ৪ উইকেট নিয়ে ফাইনালের দলে জায়গা করে নেন তিনি।
এছাড়া ইনজুরির কারণে শেষ টেস্ট না খেললেও ফাইনালের জন্য ঘোষিত দলে আছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। আগের ম্যাচে ওয়াটলিংয়ের পরিবর্তে খেলা টম ব্লান্ডেলকেও রাখা হয়েছে দলে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ফাইনালের জন্য নিউজিল্যান্ডের প্রস্তুতিটা ভালোই হয়েছে। এদিকে ইংল্যান্ডে পৌঁছানোর পর কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতও।
নিউজিল্যান্ডের টেস্ট দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়াং।