টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-হাবিবুল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য এখন তিন জন। বছরের শুরুতে সঙ্গী হিসেবে আব্দুর রাজ্জাককে পেয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ চালিয়ে যাচ্ছিলেন নান্নু-হাবিবুল। গতকাল বিসিবির ১০ম বোর্ড সভায় তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নান্নু-হাবিবুলরা নির্বাচক হিসেবে থাকছেন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তাদের প্রতিই আস্থা রাখছে বিসিবি। ২০১২ সাল থেকে নির্বাচক কমিটিতে আছেন দুই সাবেক অধিনায়ক নান্নু ও হাবিবুল। আকরাম খানের পর ফারুক আহমেদের সঙ্গেও কাজ করেছেন তারা। এখন রাজ্জাককে নিয়ে দল গড়ার কার্যক্রম চালিয়ে যাবেন নান্নু-হাবিবুলরা। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠেও পাওয়া গেল স্বস্তির সুর। যদিও মেয়াদ বাড়ানোর খবরে এখন টি-২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনায় নজর দিতে চান তিনি। বিশেষ করে টি-২০ দলের ৬-৭ নম্বরে দ্রুত রান তোলার ব্যাটসম্যান এবং কার্যকর অলরাউন্ডার খুঁজে পাওয়াই মূল টার্গেট তাদের। আগামী কয়েক মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলবে বাংলাদেশ দল। এসব হোম সিরিজের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের দলটা খুঁজে পাবেন বলে আশা প্রধান নির্বাচকের। বর্তমানে পুলে থাকে ২০-২২ ক্রিকেটারই অগ্রাধিকার পাবেন। নতুন করে কেউ বিশ্বকাপ পরিকল্পনায় চলে আসার সম্ভাবনা কম।