স্পোর্টস ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে আগামী ১৮ জুন। সাউদাম্পটনে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ফাইনাল শুরুর আগে প্রতিযোগিতার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী দল পাবে ১৬ লাখ ডলার। টাকার অঙ্কে যা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। সঙ্গে চ্যাম্পিয়ন হিসেবে আকর্ষণীয় ট্রফি পাবে দলটি। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দল পাবে ৮ লাখ ডালার। তবে ম্যাচটি ড্র হলে দুই ফাইনালিস্টের মাঝে মোট ২৪ লাখ ডলার ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড ১২ লাখ ডলার করে পাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে ৪ লাখ ডলার। চতুর্থ ইংল্যান্ড সাড়ে ৩ লাখ ডলার, পঞ্চম পাকিস্তান ২ লাখ ডলার করে প্রাইজমানি পাবে। পয়েন্ট তালিকার শেষ চারটি দল হচ্ছে; দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। চারটি দলই ১ লাখ ডলার করে পাবে। টাকার অঙ্কে যা ৮৪ লাখ ৮০ হাজার টাকা। উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচই জিতেনি বাংলাদেশ। ৭ ম্যাচের ৬টি তে হার ও ১টি ড্র করেছে বাংলাদেশ এবং তালিকার তলানিতেও মুমিনুল হকের দল।