কুলিয়ারচর-দাড়িয়াকান্দি বিকল্প সড়ক ভেঙে গেছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

উপজেলার কুলিয়ারচর-দাড়িয়াকান্দি সড়কের গণকখালী খালের ওপর নির্মিত স্টিল ব্রিজের বিকল্প সড়কটি ভেঙে গেছে। গত ১২ জুন রাতে খালের অতিরিক্ত পানির চাপে সড়কের একাংশ ভেঙে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারীরা। উপজেলাবাসী সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। গত সোমবার সরেজমিনে দেখা যায়, জনপ্রতি পাঁচ টাকায় নৌকায় করে খালটি পারাপার হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, আগামী শনিবারের মধ্যে বিকল্প সড়কটি ঠিক করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজসহ সড়কের কাজ শেষ করতে পারব।