গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় কাঁঠালের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে কাঁঠাল। প্রতিটি কাঁঠাল প্রকারভেদে ৩০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সরজমিনে দেখা যায়, উপজেলার চেংমারী, হাবু বালারঘাট, পশ্চিম মান্দ্রাইন, মৌলভীবাজার এলাকাতে প্রচুর কাঁঠাল হয়েছে। উপজেলায় কাঁঠালের বাগান কম থাকলেও প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক কাঁঠাল গাছ। আর প্রতিটি গাছেই ধরেছে প্রচুর পরিমাণে কাঁঠাল। বিক্রেতা ওবায়দুল জানান, এ বছর ফলন খুবই ভালো হয়েছে। গঙ্গাচড়ার হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আফতাব হোসেনও একই কথা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, এবার কাঁঠালের ফলন ভালো হয়েছে।