চিতলমারীতে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজে পারাপার

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে ভাঙা কাঠের ব্রিজের সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। তারা দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের ওপর নির্মিত ব্রিজের পাটাতন ও কাঠামো ভেঙে রয়েছে। শিবপুর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, কাঠের ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। বিষয়টি স্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া ইসলাম জানান, বরাদ্দ এলে কাঠের ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।