জামালগঞ্জে দম্পতি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে আলমগীর ও মোর্শেদা বেগম দম্পতিকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রাসেল মিয়া (৩০) ও তার ভাই বিপলুকে (২২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে র্যাবের সদস্যরা তাদের গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিবাদের জেরে আলমগীর ও মোর্শেদা বেগম দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে আসামিরা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উল্লেখ্য, গত ৯ মে রাতে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে আলমগীর ও মোর্শেদা বেগম দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাসেল ও বিপুলসহ পাঁচ সহযোগী।