সেতুর সংস্কার কি আদৌ হবে?

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী রাজাপুর রেল স্টেশন সংলগ্ন পশ্চিম পাশে সেতুটির অবস্থান। বুড়িচং উপজেলা সদর ও এর আশপাশ থেকে হরিপুর, জরুইন হয়ে রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেল স্টেশন, শঙ্কচাইল গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, কুমিল্লা জেলা সদরসহ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে সরাসরি যোগাযোগের এই সড়ক ব্যস্ত থাকে মানুষের চলাচলে। চলাচল করছে প্রতিদিন সিএনজি অটোরিকশা, ইজিবাইক, পিক-আপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা। বুড়িচং উপজেলা সদর হয়ে রাজাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কটির দূরত্ব প্রায় চার কিলোমিটার। ব্যস্ততম সড়কের এই সেতু গত ৬ বছর ধরে কার্যত ঝুঁকিপূর্ণ থাকার পরও সংস্কারের কোনো উদ্যোগ নেই। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ছাড়াও উপজেলা ইঞ্জিনিয়ারকে একাধিকবার বলা হয়েছে। প্রতিবারই তাঁরা সংস্কারের আশ্বাস দিলেও বছরের পর বছর এভাবেই ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। কাজের কাজ কিছুই হয়নি। এ অবস্থায়, দ্রুত সেতুটি সংস্কার করে স্বাভাবিক যানবাহন চলাচলের উপযোগী করা হোক।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০