বানকো সিকিউরিটিজের লেনদেন বন্ধ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকের ৬৬ কোটি টাকা অন্যত্র সরিয়ে ফেলেছে। এতে সমন্বিত গ্রাহক হিসাবে থাকা অর্থের গরমিল পেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। গুরুতর এ অনিয়মের দায়ে গতকাল মঙ্গলবার থেকে হাউজটির লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএসই’র একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএসই সূত্র জানায়, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বানকো সিকিউরিটিজে থাকা সমন্বিত গ্রাহক হিসাবের তথ্য খতিয়ে দেখে। তখন স্টক এক্সচেঞ্জের মনিটরিং বিভাগ তাদের সমন্বিত গ্রাহক হিসাবে প্রাথমিকভাবে ৬৬ কোটি টাকার ঘাটতি দেখতে পায়।

স্টক এক্সচেঞ্জ থেকে একাধিকবার গ্রাহক হিসাবে রাখা অর্থ সমন্বয়ের জন্য সময় দেওয়া হলেও ব্রোকারেজ হাউজটি ব্যর্থ হয়।গত বছরের জুনে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাত্ করে পালিয়ে যান ডিএসই’র আরেক সদস্য প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজের মালিকরা। পরে ওই প্রতিষ্ঠানটি এবং এর পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।