পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হতে হবে —কৃষিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বাড়বে  এবং খাদ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উপলক্ষ্যে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এফএওর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পরপর তিন বার বিশ্বে ধান উত্পাদনে তৃতীয় স্থান ধরে রাখতে যাচ্ছে। ইন্দোনেশিয়াকে টপকে এই স্থান অর্জন করে বাংলাদেশ। এতে এটি প্রমাণ করে করোনা ও নানা দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ খাদ্য উত্পাদনে ক্রমাগত ভালো করছে।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং  বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।