অধিকৃত পূর্ব জেরুজালেমে কট্টর ইহুদিরা পতাকা মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যেই তারা মিছিল করে। ওই এলাকায় পুলিশ ফিলিস্তিনিদের যেতে বাধা দেয়। ছয় ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের মারধরে আহত হয়েছেন ১৭ জন। মিছিল নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে। খবর আলজাজিরা ও পার্টস টুডের
পূর্ব জেরুজালেমের দামেস্কের গেট থেকে কিছুটা দূরেই মিছিল করেন ইহুদিবাদীরা। মিছিলে আসা বেশিরভাগই যুবক এবং ধর্মপ্রাণ। তারা নীল ও সাদা পতাকা নিয়ে মিছিলে আসেন। তবে মিছিলে আশাতীত লোকের সমাগম ঘটেনি। মিছিলে অংশ নেওয়া ৫০ বছর বয়সী ডরন আব্রাহামী বলেন, জেরুজালেম সব ধর্মের। তবে জেরুজালেম ইসরাইলের মধ্যে। তাই আমরা আমাদের দেশের এলাকায় যে কোনো স্থানে যেতে পারি। ফিলিস্তিনের রেডক্রিস্টে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর নির্যাতনে ১৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। মিছিলের এলাকা ঘিরে রাখে ইসরাইলি পুলিশ। সেখানে প্রবেশ করতে গেলে ছয় ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়।
ইসরাইলে নতুন মন্ত্রিসভা গঠনের পরই মন্ত্রিসভার বৈঠকে পূর্ব জেরুজালেমে পতাকা মিছিলের অনুমতি দেওয়া হয়। পালটা মিছিল ও বিক্ষোভের হুমকি দিয়েছে ফিলিস্তিনের সংগঠনগুলো। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। তবে ইসরাইল সেটিকে বিজয় হিসেবে উল্লেখ করে প্রতি বছর উত্সব করে। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বার-লেভ জানিয়েছেন, সবারই বিক্ষোভের গণতান্ত্রিক অধিকার আছে। পুলিশ যে কোনো ধরনের সহিংসতা মোকাবিলার জন্য প্রস্তুত। কথা ছিল গত বৃহস্পতিবার ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করবে। কিন্তু ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর হুমকির কারণে ঐ মিছিল বের করা থেকে উগ্র ইহুদিবাদীরা বিরত থাকে।
উগ্র ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পতাকা মিছিল বের করার জন্য যে অনুমতি মন্ত্রিসভা দিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরাইলের দৈনিক হারেতজ লিখেছে, গাজা পরিস্থিতি এখনো থমথমে। ইসলামি প্রতরোধ আন্দোলন হামাসের কমান্ডাররা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরাইলের যে কোনো ক্ষুদ্র ভুলের প্রতিশোধ নিতে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন তারা। এ অবস্থায় ইহুদিদের পতাকা মিছিল আরেকটি যুদ্ধের সূচনা করতে পারে।
এদিকে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের মোকাবিলায় ফিলিস্তিনিদেরকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। ১৯৪৮ সালের ভূখণ্ড, পশ্চিম তীর ও জেরুজালেমের ফিলিস্তিনিদের মসজিদুল আকসায় আসতে অনুরোধ করেছে তারা। হামাসও আলাদা এক বিবৃতিতে এই কর্মসূচিকে ঘিরে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা ব্যক্ত করে সবাইকে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধের সংগঠনগুলোর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমস’ গাজা সীমান্তের আরো কাছে মোতায়েন করেছে বলে জানা গেছে।