ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন রংপুরবাসী, নিপীড়নের বিরুদ্ধে রংপুর, রংপুর বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন তার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, ভক্তসহ রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আদনানসহ তার সহযোগীদের সন্ধান দিতে হবে। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তত্পরতা সত্ত্বেও পাঁচ দিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা না হলে আন্দোলনের হুমকি দেন তারা।
গত বৃহস্পতিবার বিকালে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সাভার থেকে তারা নিখোঁজ হন। ঐ রাত থেকে সবার মোবাইল ফোন বন্ধ। গতকাল রংপুর মহানগর কোতোয়ালি থানায় আদনানের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সব ধরনের কারণ ও সন্দেহ মাথায় রেখে তদন্ত কাজ চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।