মিটফোর্ড হাসপাতালসংলগ্ন দীগু বাবু লেনে নির্মিতব্য একটি ছয়তলা ভবনের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় তিনটি মশার কয়েল কারখানাকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৮/১ দীগু বাবু লেনে নির্মিতব্য একটি ছয়তলা বাড়ির অবৈধ বর্ধিতাংশে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে বর্ধিত অংশের অধিকাংশ দেওয়াল ভেঙে ফেলে।
অন্যদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৬৬ নম্বর ওয়ার্ডের বানিয়ারবাগ, মাতুয়াইল, যাত্রাবাড়ী এলাকায় মশার কয়েল কারখানা পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় ছাড়পত্র না থাকা সত্ত্বেও কারখানা পরিচালনা করায় দুটি মশার কয়েল কারখানার বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ৬৫ নম্বর ওয়ার্ডের ‘আর এম’ নামে আরো একটি মশার কয়েল কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা পরিচালনার যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।