সংসদের সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সরকার যদি হয় ‘বাই দ্য লুটারস, ফর দ্য লুটারস, অব দ্য লুটারস’ তাহলে বাজেটও হবে লুটেরাদের রক্ষার জন্যই। তাতে জনগণের অংশীদারিত্ব থাকবে না।” গতকাল মঙ্গলবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বাজেটে যেটুকু বরাদ্দ হয়; সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাটের কারণে সেটুকুর উপকারও জনগণের কাছে পৌঁছায় না। লুটপাট বন্ধ আর সরকারের দক্ষতা বৃদ্ধি করতে পারলে এই বাজেট বরাদ্দেও জনগণ অনেক কিছুই পেতে পারত। তিনি বলেন, সরকারের দিক থেকে বাজেট একেবারে ঠিক আছে। ক্ষমতায় থাকতে যাকে প্রয়োজন, তার জন্যই তো বাজেট হবে। ক্ষমতায় থাকতে জনগণের ম্যান্ডেট লাগলে জনগণকে খুশি করতে হবে। আর ক্ষমতায় থাকতে যদি প্রয়োজন হয় কিছু ব্যবসায়ী আর আমলা, তাহলে তাদের জন্যই বাজেট হবে; হয়েছেও সেটা। আপনার হাতে যে পরিমাণ সম্পদ আছে, সেটা আপনি ?ব্যয় করবেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যাদের প্রয়োজন তাদের পেছনে।