তুরাগে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগের চন্ডালভোগ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের বাড়ি থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উত্তরার বিডিআর মার্কেটের মোটরপার্টস ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে। গতকাল মঙ্গলবার বিকালে চন্ডালভোগ গ্রামের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবুল হাসেমের ছেলে আমির হাসান জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির কাজের জন্য রাজমিস্ত্রি রুবেল ছাদে গেলে তিনি পচা গন্ধ পান। পরে তিনি জানালা দিয়ে তাকিয়ে দ্বিতীয় তলার ফ্ল্যাটের কক্ষের মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে ঐ রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফি উল্লাহ বলেন, কয়েকদিন আগে মারা যাওয়ায় লাশ অর্ধগলিত হয়ে গেছে। নিহত ব্যবসায়ী মনিরের মেয়ে মিতু ও তার পরিবার মরদেহ শনাক্ত করেন। মিতু পুলিশকে জানায়, তার বাবার সঙ্গে চার দিন আগে কথা হয়েছিল। এরপর তিন দিন ধরে বাবার   মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর থেকে তার খোঁজ পায়নি।

পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।