জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, দুর্নীতি-দুর্বৃত্তায়নের অর্থায়ন ও রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশে দুর্নীতির বিস্তৃতি ঘটেছে। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স ঘোষণা করায় মধ্যস্তরের কিছু দুর্নীতিবাজ ধরা পড়লেও সমাজের সর্বস্তরের চিত্রটাই এক। আর রাজনীতির দুর্বৃত্তায়ন যেটা ঘটেছিল, সেটিরও অবসান হয়নি। ১৪ দলের সাবেক সমন্বয়কারী ও প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাদেক সিদ্দিকী বলেন, রাজনীতিতে তার ত্যাগ-নিষ্ঠা রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, নির্বাচন নিয়ে মানুষ ক্রমাগত আগ্রহ হারিয়ে ফেলছে। শুধু তাই না, মানুষ ভোটের অধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গণমানুষের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
গণআজাদী লীগের প্রেসিডিয়াম সদস্য মির্জা শরিফুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ কংগ্রেস মহাসচিব ইয়ারুল ইসলাম প্রমুখ।