দেশের চারটি বেসরকারি ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করার অপরাধে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম হাওলাদার। গতকাল মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি জানান, শহিদুল ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া ও প্রিমিয়ার ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে আর ফেরত দেননি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে মামলা করে। দুইটি মামলায় তার সাজা হয়েছে। সাজা মাথায় নিয়ে তিনি গত দুই বছর ধরে পলাতক ছিলেন। সিআইডি জানায়, তাকে গ্রেফতারে সিআইডি দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে সিআইডির একটি টিম ঋণ জালিয়াতির মূল হোতা শহিদুলকে পুরানা পল্টন থেকে গ্রেফতার করে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঋণের অর্থ আত্মসাত্ করার বিষয়টি স্বীকার করেন।
সিআইডি আরো জানায়, শহিদুলের বিরুদ্ধে দুইটি ব্যাংক মামলা করেছে। একটি মামলায় আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করে। অপর মামলায়ও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। এরপর ২০১৯ সাল থেকে শহিদুল সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার মোর্শেদাবাগের পশ্চিম কমলাপুরের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। ভাটারা থানার ৪৯/১ প্রগতি সরণি, বারিধারার মেসার্স হাওলাদার কারস এর স্বত্বাধিকারী তিনি ।