অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনায় বিশ্বের অধিকাংশ দেশের জিডিপিতে প্রবৃদ্ধি ঋণাত্মক হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রবৃদ্ধি হয়েছে অত্যন্ত আশাব্যঞ্জক, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবার ওপরে। অর্থনীতির চাকা সচল রাখতে সরকার বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। গতকাল মঙ্গলবার কুমিল্লার লালমাই এলাকার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের আট তলা বিশিষ্ট অফিস ও ডরমেটরি ভবনসহ ৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, স্কাউট একটি সামাজিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা ও মানবিকগুণাবলি তৈরি হয়। স্কাউটিং নিয়ম ও শৃঙ্খলা শেখায়, এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত্ ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালে বিশ্বের উন্নত বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখছে বাংলাদেশ স্কাউটস। করোনাকালীন সময়েও যুবসমাজ ও দেশের প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন।
বাংলাদেশ স্কাউটস সভাপতি সম্মানীত ফেলো মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ জামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) আমিমুল এহসান খান পারভেজ, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস ছালাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার ও নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ। অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরীসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির জন্মদিন উপলক্ষ্যে সবাই তাকে শুভেচ্ছা জানান।