ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক নতুন করে আরো বাড়াতে একমত হয়েছে। ইইউ ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে এই কথা বলা হয়েছে। গত সোমবার বিবৃতিতে বলা হয়, ‘ট্র্যান্সআটলান্টিক পার্টনারশিপ আরো দৃঢ় করতে আমরা ঐকমত্যে পৌঁছেছি।’ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ আজ (সোমবার) বৈঠক করেছি। করোনা মহামারি পরবর্তীতে আমরা ট্রান্সআটলান্টিক এজেন্ডা স্থির করেছি। এগুলোর বাস্তবায়নে নিয়মিত বৈঠক হবে।’ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘মানুষকে নিরাপদ রাখা, নিরাপত্তা দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনের সুযোগও আমাদের রয়েছে।’ নেতৃবৃন্দ গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে লড়াই করারও অঙ্গীকার করেন। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। প্রেসিডেন্ট বাইডেন তার আট দিনের ইউরোপ সফরে সেই সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন। -সিএনএন