২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়লাভ করেন। কিন্তু তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতি এবং তাকে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ আনেন। খবর রয়টার্সের
মার্কিন প্রতিনিধি পরিষদের ওভালসাইট অ্যান্ড রিফর্ম কমিটি ট্রাম্পের মিথ্যা দাবি এবং বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রয়োজনীয় নথি হাতে পেয়েছে। সেই নথিতে দেখা গেছে, হোয়াইট হাউজের তত্কালীন চিফ অব স্টাফ মার্ক মিডোস এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী কার্ট ওলসেন বারবার বিচার বিভাগকে চাপ দিয়েছিলেন যাতে তারা ট্রাম্পের দাবির পক্ষে সমর্থন জানান। কিন্তু বিচার বিভাগ এই চাপের কাছে নতি স্বীকার না করে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখে। এরই মধ্যে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ট্রাম্পের পক্ষে করা মামলা প্রত্যাখ্যাত হয়ে যায়। কমিটির চেয়ারওম্যান ক্যারোলিন ম্যালোনি বলেন, নথি দেখে বোঝা যাচ্ছে, সাবেক প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ আইনপ্রয়োগকারী সংস্থাকে দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন।