২৭০ কোটি ডলার অনুদান ম্যাকেঞ্জির

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা বিশ্বের সেরা ধনী জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর  ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান ম্যাকেঞ্জি স্কট। এতো সম্পদ তিনি নিজের রাখতে চাননি।  বিপুল ঐশ্বর্য তিনি বিলিয়ে দিতেই উদ্যমী হয়েছেন। বর্তমান বিশ্বে যে কয়জন ব্যক্তি বড় বড় অনুদান দিচ্ছেন তাদের মধ্যে ম্যাকেঞ্জি অন্যতম।

জানা যায়, ম্যাকেঞ্জি  বিভিন্ন দাতব্য সংস্থায় আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। এরফলে ২০২০ সালের জুলাই থেকে তিনি যে বড় অংকের অনুদান দেওয়ার পদক্ষেপ শুরু করেছিলেন তা ৮৫০ কোটি ডলারে উন্নীত হলো। অনুদান পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে অ্যালভিন এইলি আমেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণ বৈষম্য নিরসনে কাজ করা বেশ কিছু তহবিল আছে। দান পেয়েছে সাংবাদিকতার উন্নয়নে জড়িত সংস্থাও।

অনুদান প্রসঙ্গে ৬০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ম্যাকেঞ্জি তার পোস্টে লিখেছেন, বর্তমান বিশ্ব যেসব অসম ব্যবস্থায় চলছে তা পরিবর্তনে আমি ও ড্যানসহ একদল গবেষক, ব্যবস্থাপক ও পরামর্শক এই বিপুল অনুদানের সিদ্ধান্ত নিয়েছি।

সেখানে তিনি আরও বলেন, মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদ সীমিত না থাকলে বিশ্ব আরও সুন্দর হতে পারতো। আমরা এই বিশ্বাসকে নতচিত্তে স্বীকার করি। ধনীদের চাইতে সাধারণ মানুষের উদ্ভাবিত সমাধান ও তার প্রয়োগই পারে তেমন বিশ্ব গড়তে।

ইত্তেফাক/টিআর