বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিপূর্ন মন্তব্য করায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিকে এলাকায় অবাঞ্ছিত করার ঘোষণা করেছে জেলা ছাত্রলীগের এক অংশ।
মঙ্গলবার (১৫ জুন) জেলা ছাত্রলীগের একটি অংশ হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেয়।
এ সময় ছাত্রলীগের নেতারা বলেন ‘বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ আমাদের হবিগঞ্জের গর্ব। মহির মত নামধারী ছাত্রলীগ নেতারা যখন তাকে নিয়ে মন্তব্য করে তখন আমরা চুপ থাকতে পারি না। আমরা চাই প্রশাসন যেন এর সঠিক বিচার করে।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের আব্দুর রহিম কাউসার, হবিগন্জ জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি শুভ চৌধুরী, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আল হাসান, পৌর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক জুবেদ আহমেদ সবুজ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সহ সম্পাদক সাইদুর রহমান, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভ বাতেন চৌধুরী, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ সাগর।
এদিকে পদ বাণিজ্যর অভিযোগে গত বছরের ৩০ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেয়। সে সময় অভিযোগ ওঠে মাহতাবুর আলম নামের স্থানীয় ছাত্রলীগের এক কর্মীকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার আশ্বাস দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান ওরফে মাহি ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এর পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ নির্দেশনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
ইত্তেফাক/এমএএম