আলজাজিরা
সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার দেশটির দাম্মাম শহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তার বয়স ছিল ১৮ বছরের নিচে। মৃত্যুদণ্ড পাওয়া মোস্তাফা হাশেম ছিলেন শিয়া মতাবলম্বী। ১৭ বছর বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাদের দাবি, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনো রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৮ বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত বছর থেকে তারা অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড কার্যকরের বিধান বন্ধ রেখেছে। ১৮ বছরের কম বয়সি কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই।