রে জা উ ল ক রি ম খো ক ন
গভীর জঙ্গলের ভেতর দিয়ে রুদ্ধশ্বাসে ছুটছেন তিনি। তার হাতে ওয়াকিটকি। কী যেন খুঁজছেন, জলপাই রঙের ডেনিম শার্টে এক ধনের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক নিয়ে এভাবেই দর্শকদের সামনে হাজির হয়েছেন বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী বিদ্যা বালান তার নতুন ছবি ‘শেরনি’র টিজার, ট্রেলারে। যা মুক্তির পর দর্শকদের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। বলিউডের বাঘিনী এবার নতুন কোনো চমক নিয়ে আসছেন তার নতুন অভিনীত ছবিটিতে। ‘শেরনি’ ছবির শুটিং গত বছর শুরু হয়ে করোনা মহামারির মধ্যে অনেকটা নীরবেই শেষ হয়েছে। কারণ, এ ছবির পুরো অংশের শুটিং হয়েছে ভারতের মধ্য প্রদেশের গভীর জঙ্গলে। ইতোমধ্যে ছবিটির শুটিংসহ বিবিধ সব কাজ সম্পন্ন করে মুক্তির অপেক্ষায় নির্মাতাগোষ্ঠী। কিন্তু করোনা মহামারিতে ‘শেরনি’ দর্শকদের সামনে কবে আসবে তা ঠিক ধারণা করা যাচ্ছিল না। এবার তবে জানা গেলো হল বন্ধ থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৮ জুন থেকে ছবিটি দেখা যাবে আমাজন প্রাইম ভিডিওতে। বিভিন্ন মাধ্যমে ছবিটির ট্রেলার-টিজার মুক্তি পাওয়ার পর দর্শক তাতে বিদ্যা বালানকে ভিন্ন সাজে ভিন্ন রূপে দেখে ভীষণভাবে কৌতূহলী হয়ে ওঠেছে। ৪২ বছর বয়সী বিদ্যা বালান বলিউডে আছেন ১৬ বছর ধরে। যে কোনো ধরনের চ্যালেঞ্জিং অফ ট্র্যাকের ব্যতিক্রমধর্মী চরিত্রে তিনি অসাধারণ, অতুলনীয়— একথা সবাই বেশ ভালো করেই জানেন। চরিত্রের খাতিরে অভিনীত চরিত্রে বাস্তবতা ফুটিয়ে তুলতে গ্ল্যামারের খোলস ছাড়তে কখনও দ্বিধা করেন না বিদ্যা। যার অসংখ্য উদাহরণ রয়েছে। নতুন ছবি ‘শেরনি’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এবার এক দুর্ধর্ষ নারী ফরেস্ট অফিসারের ভূমিকায় দর্শকদের সামনে আসছেন তিনি। ছবিটিতে জঙ্গলের কাহিনি তুলে ধরা হয়েছে। মানুষখেকো এক হিংস্র বাঘিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীদের রক্ষা করতেই তার আগমন। হিংস্র বাঘিনীর নির্মমতায় ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েক গ্রামে। দায়িত্ব পালন করতে এসে নারী ফরেস্ট ফিসার বিদ্যা অনেক অজানা সত্যের মুখোমুখি হন। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় একজন নারী হয়ে এমন কঠিন দায়িত্ব পালন তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে ওঠে।