বরিশাল অফিস
বরিশালে বুধবার সকালে পৌঁছেছে সিনোভ্যাক্সের ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, চীন সরকারের উপহার হিসেবে কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লাখ সিনোভ্যাক্সের ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হলো। শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।
দুই অবৈধ স্থাপনা উচ্ছেদ
বরিশাল নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মিত দুটি আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। মঙ্গলবার বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর বান্দ রোডের চাঁদমারী এলাকায় এক ব্যক্তি সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই আধাপাকা ভবন নির্মাণ করে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ দেওয়া হয়। তার জবাব না দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ায় সেটি উচ্ছেদ করা হয়।