আটক দুই জনের কারাদণ্ড
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাই জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরির অবৈধ ‘মেসার্স আলম অ্যান্ড কোম্পানি’ নামের কারখানায় মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে আবদুল মান্নান (৪৮) ও ফোরকান (২৩) নামে দুজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২-এর সদস্যরা। আটক হওয়া আব্দুল মান্নান উপজেলার গুণবতী ইউনিয়নের গুণবতী গ্রামের আলম মিয়ার পুত্র এবং ফোরকান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের মো. মোস্তফার পুত্র। আবদুল মান্নানকে এক বছর ও ফোরকান মিয়াকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরির কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে অ্যাসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরি করা হতো। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে।