জয়পুরহাট প্রতিনিধি
পাওনা টাকা না পেয়ে মামা মোস্তাক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে ভাগনে রাজু আহম্মেদ। বুধবার সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট পৌর শহরের হারাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিম হোসেন (১৮) নামে অপর এক জন আহত হয়। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাজু মামা মোস্তাককে কিছু টাকা ধার দেয়। ঐ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাজু ধারালো ছুরি দিয়ে মোস্তাককে কুপিয়ে আহত করে। এ সময় রাজুর খালাতো ভাই জিম মামাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মোস্তাককে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, রাজুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।