ইত্তেফাক রিপোর্ট
উন্নতমানের শিশুখাদ্য প্রস্তুত ও প্যাকেজিংয়ের জন্য বাংলাদেশে নতুন ফ্যাক্টরি করেছে বহুজাতিক কোম্পানি নেসলে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এ কারখানা গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ইনফ্যান্ট ফর্মুলা প্রসেসিং, ফিলিং এবং প্যাকেজিং প্ল্যান্ট নামে এ কারখানা উদ্বোধনীতে শিল্পমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালে অক্টোবরে সুইজারল্যান্ডের নেসলের হেডকোয়ার্টার, কোনলফিঙ্গান ফ্যাক্টরি এবং নেসলে গবেষণাকেন্দ্র পরিদর্শন করেছি। সেসময় বাংলাদেশে তাদের বিশ্বমানের কারখানা স্থাপনে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছি। নেসলে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খান, নেসলে সাউথ এশিয়া রিজিওনের মার্কেট হেড সুরেশ নারায়ণ, নেসলে জোন এশিয়া-ওশেনিয়া-আফ্রিকার নিউট্রিশন বিজনেস হেড আরশাদ চৌধুরী, নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউইক্রেমা প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। পরে নতুন কারখানা সাংবাদিকদের ঘুরিয়ে দেখান নেসলে বাংলাদেশের ঊর্ধ্বতনরা। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আরো বেশি বেশি বিনিয়োগ করার অনুরোধ জানান। প্রসঙ্গত, নতুন কারখানায় প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হবে। ‘ইনফ্যান্ট ফর্মুলা’ পণ্যের জন্য বিশ্বে নেসলের ৩৪টি কারখানা রয়েছে।