বিনোদন রিপোর্ট
নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বড়পর্দায় আসছে শাকিব খান ও মাহিয়া মাহী অভিনীত নতুন ছবি ‘নবাব এলএলবি’। প্রথমে ওটিটিতে মুক্তি দেওয়া হলেও এবার হলে মুক্তি পাচ্ছে ছবিটি। অনন্য মামুন বলেন, ‘অনেক বাধা পেরিয়ে ছবিটি সেন্সর পেয়েছে। এটা সত্যি অনেক আনন্দের একটি বিষয়। আগামী ২৫ তারিখ সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি। করোনার কারণে তো সিনেমা হলে পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি। তারপরও চেষ্টা চলছে ২৫-৩০টি হলে মুক্তি দেওয়ার।’ ছবিটি প্রথমে ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। তবে সেসময় ছবিটির বেশকিছু দৃশ্য নিয়ে বিপাকে পড়তে হয় নির্মাতাকে। সেন্সর নিয়ে নানা জটিলতার পাশাপাশি নিষিদ্ধ হয় সেন্সর বোর্ডে। বেশ কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয়। পরে সেই দৃশ্যগুলো বাদ দিয়ে জমা দেওয়া হয়। অবশেষে সেন্সর ছাড়পত্র মেলে ছবিটির। এ নিয়ে অনন্য মামুন আরো বলেন, ‘৯ মিনিট ৪৩ সেকেন্ড কেটে ফেলা হয়েছে ছবিটি থেকে। এরপর সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছেন। কাজ করতে গেলে ভুল হবে এটাই স্বাভাবিক। আর এই ভুল থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর এ ছবির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। সেই মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে আটক করেছিল পুলিশ। ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন তারা। ছবিটিতে শাকিব খান ও মাহিয়া মাহী ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।