স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের ফুটবল আরো একটি সুযোগ পেয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের বাছাইয়ে রাউন্ড ২ পর্ব শেষে প্লেঅফ ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু খবর এসেছে বাংলাদেশ চূড়ান্ত বাছাইয়ে খেলবে। আরো ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী বছর এ ম্যাচ হবে।
রাউন্ড ২ পর্বে ৪০টি দেশ ৮ গ্রুপে লড়াই করেছিল। সেখানে ৪০ দেশের মধ্যে বাংলাদেশ ৩৫ দেশের ভেতরে ঢুকেছে বলে বাছাইয়ের আরো ম্যাচ খেলার এ সুযোগ এসেছে।
গ্রুপ পর্বে শীর্ষ ১ থেকে ১৩টি দল সরাসরি বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে খেলবে। ১৪ থেকে ৩৫ নম্বর দল সরাসরি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য খেলবে। বাংলাদেশ ৩৫ এর ভেতরে রয়েছে। ৩৬ থেকে ৩৯ নম্বরে থাকা চার দেশকে প্লেঅফ খেলতে আসতে হবে। এই চারটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনীজ তাইপে এবং গুয়াম। ২৪ দল নিয়ে ৬ গ্রুপ হবে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। ৬ ম্যাচের তিনটি বাংলাদেশে হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের জানিয়েছেন, যে খেলাগুলো হবে সেখানে আরো ভালো করার জন্য তারা পরিকল্পনা তৈরি করবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ভারত, আফগানিস্তান, ওমান, কাতারকে নিয়ে বাংলাদেশ যে গ্রুপে পড়েছিল সেখানে বাংলাদেশ ফুটবল দলের জন্য সুযোগ উঁকি দিয়েছিল। কারণ কাতার গ্রুপ চ্যাম্পিয়ন হোক না হোক তারা দ্বিতীয় রাউন্ডে যাবে। রানার্সআপ হওয়ার পরিকল্পনা নিতে পারেনি বাফুফে। এখন আবার আশার কথা শোনাচ্ছেন বাফুফের সাধারণ সম্পাদক। কাতার হতে ঢাকায় ফেরার আগেই ফুটবলাররা জেনে গেলেন তাদের সামনে পথ খুলেছে। আবার সুযোগ পাওয়া যাবে। আগামী বছর ২০২২ সাল। এই সময় ৬টি ম্যাচ খেলে যদি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে তাহলে আরো কিছু ম্যাচ পাবে বাংলাদেশ। তার আগে ভাবতে হবে বাফুফে সেই পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করতে পারবে কি না। ফুটবলের জন্য ভালো খবর হতে পারে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে নাগরিকত্ব পেয়ে পাসপোর্টও হাতে পেয়েছেন। জাতীয় দলে ডাকও পেতে পারেন তিনি।