স্পোর্টস রিপোর্টার
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার পর প্রথম ম্যাচেই জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। গতকাল শ্বাসরোধী প্রতিদ্বন্দ্বিতার পর জয়ের দেখা পেয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলমান আসরে প্রথম বার সুপার ওভারের রোমাঞ্চ উপহার দিয়েছে মোহামেডান-খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচ।
বিকেএসপিতে সুপার ওভার জিতে মাঠ ছেড়েছে মোহামেডান। সাদা-কালো শিবিরের জন্য সুখবর নিষেধাজ্ঞা কাটিয়ে আজই ফিরছেন সাকিব। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের দিনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে ২৮ রানে হেরেছে আবাহনী। জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জ।
প্রিমিয়ার লিগের ১০ম রাউন্ড শেষে ৮টি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক। সুপার লিগের বাকি পাঁচ দলও কার্যত চূড়ান্ত হয়ে গেছে। গতকাল পর্যন্ত প্রাইম দোলেশ্বর ১৫, আবাহনী ১৪, মোহামেডান ১৩, শেখ জামাল ১২ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগের দৌড়ে এগিয়ে আছে।
গতকাল সকালে তিনটি ম্যাচই বৃষ্টির বাধার মুখে পড়েছিল। বিকেএসপিতে মোহামেডান-খেলাঘর ১০ ওভারের ম্যাচ টাই হয়। মোহামেডানের ৯ উইকেটে ৮৮ রানের জবাবে খেলাঘর ৫ উইকেটে ৮৮ রান করেছিল। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে খেলাঘর ১ উইকেটে ১৩ রান তুলেছিল। পরে ১ উইকেটে ১৪ রান তুলে রুদ্ধশ্বাস জয় পায় মোহামেডান।
বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে শেখ জামাল ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২০ রান তোলে শেখ জামাল। পরে ৭ উইকেটে ১০৪ রান তুলতে সমর্থ হয় ওল্ড ডিওএইচএস। দল হারলেও ২৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আনিসুল ইসলাম ইমন। এছাড়া রূপগঞ্জ (১৩১/৬) ২১ রানে জিতেছে পারটেক্সের বিরুদ্ধে (১১০/৮)।
মিরপুর স্টেডিয়ামে ১২ ওভারের ম্যাচে ব্রাদার্সের (৭৪/৩) বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে প্রাইম ব্যাংক (৮৪/৪)। বিকালে আবাহনীর বিরুদ্ধে প্রাইম দোলেশ্বর আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩২ রানের পুঁজি গড়েছিল। সাইফ হাসান ৫৮, ইমরানুজ্জামান ২৩ রান করেন। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯.৫ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় আবাহনী। শান্ত ৮, মুশফিক ৪, মোসাদ্দেক ১৪, আফিফ ২৬, নাঈম শেখ ২২ রান করেন। ১১ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের পেসার কামরুল ইসলাম রাব্বি ম্যাচ সেরা হন।