স্বপ্নময় হোক শিশুর জীবন

যে বয়সে হাতে বই-খাতা-কলম থাকার কথা, সেই হাতেই শিশুরা উঠিয়ে নিচ্ছে হাতুড়ি, ভাঙছে ইট, কাজ করছে শ্রমিক হয়ে। দরিদ্র ঘরে জন্ম নেওয়ায় পেটের তাগিদে বাধ্য হচ্ছে শিশুশ্রমে জড়াতে। শিশুশ্রমের কুফল সম্পর্কে সামাজিক এবং পারিবারিক অসচেতনতার কারণে অতি অল্প বয়সে শিশুরা ঢুকে পড়ছে শ্রমবাজারে। বর্তমানের কোভিড-১৯ সংকটে পারিবারিক আয়ে বিপর্যয় নেমে আসায় অনেক শিশু বাধ্য হয়ে যোগ দিচ্ছে বঞ্চনামূলক ও ঝুঁকিপূর্ণ কাজে, যা ভবিষ্যতে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তায় মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। শিশুশ্রমের ফলে শিশুদের মননশীলতা ও দৈহিক ক্ষতি হয় এবং মানসিক চাপ বাড়তে থাকে। তারা সুন্দর ও নিরাপদ শৈশব থেকে বঞ্চিত হয়। করোনা পরিস্থিতিতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে শিশুদের জীবন। তাই এই সংকটে সামাজিক সুরক্ষা সেবা নিশ্চিত করা একান্ত প্রয়োজন—অর্থনৈতিক সহযোগিতা প্রদান, দরিদ্র পরিবারের জন্য সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কর্মসংস্থান সৃষ্টি করা। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বাতিল, প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি। তাছাড়া মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগাতে হবে, যার মধ্য দিয়ে আজকের শিশুকে আগামীর স্বপ্নতোরণে পৌঁছে দেওয়া সম্ভব।

মো. জাহিদুল ইসলাম 

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়