সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা  

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের রাউত্গাঁও এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে তিন দিন  অজ্ঞাত স্থানে রেখে তিন বন্ধু মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার অপহূত ঐ ছাত্রীকে বাগবাড়িয়া কবরস্থান এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ঐ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় ঐ ছাত্রীর বাবা মামলা করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাসিন্দা ও অষ্টম শ্রেণির ছাত্রী গত ১৩ জুন সন্ধ্যায় একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে জাকারিয়ার মুদি দোকানে সদাই কিনতে যায়। ঐ সময় পেঁচাইন গ্রামের আম্বর আলীর ছেলে রমজান আলীর নেতৃত্বে জাকারিয়া, রাউত্গাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রায়হান ও আবু তালেবের ছেলে মেহেদী হাসান মিলে ঐ ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঐ ছাত্রীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন সোমবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে অপহরণকারীদের পরিবারকে ঐ ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তী সময়ে তাদের পরিবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করলে গতকাল বুধবার দুপুরে বাগবাড়িয়া কবরস্থান এলাকায় ঐ ছাত্রীকে অসুস্থ অবস্থায় ফেলে যায়। পরে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ছাত্রীকে থানায় নিয়ে যান।   অভিযোগ রয়েছে, অপহরণকারী মেহেদী হাসানের সহযোগিতায় তিন বন্ধু রমজান ও রায়হান ও জাকারিয়া ঐ ছাত্রীকে গণধর্ষণ করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ধর্ষণের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।