মানিকগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নাদিয়া গ্রামে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রুবেল হোসেন (২০) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় রুবেল। এর আগে পাশের গ্রামের শিপন, পারভেজ ও রকিসহ কয়েক জন যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রুবেলকে।

হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন বলেন, রত্নাদিয়া গ্রামের মুনছের আলীর ছেলে রুবেলের সঙ্গে পাশের গ্রামের (গোপালখালী) শিপন, পারভেজ, রকিসহ আরো কয়েক জন যুবকের কথা-কাটাকাটি হয়। সেই জের ধরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 রত্নাদিয়া গ্রামের খালে নতুন পানি আসায় সেখানে গোসল করতে আসে রুবেলের প্রতিবেশী উঠতি বয়সি কিছু মেয়ে। সেখানে গোসলের অজুহাতে ঐ মেয়েদেরকে উত্ত্যক্ত করে শিপন ও তার বন্ধুরা। এই বিষয়ে প্রতিবাদ করলে শিপনদের সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পরেই রুবেলকে মারধর করে আহতাবস্থায় ফেলে রেখে যায় শিপন ও তার বন্ধুরা।

পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে রুবেল মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, রুবেল খুন হওয়ার বিষয়ে তদন্ত চলছে।