পঞ্চগড়ে ২০০ বস্তা চাসহ ট্রাক আটক

ভ্যাট ফাঁকির অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে চা বিক্রির সময় ২০০ বস্তা (১১ হাজার কেজি) চাসহ একটি ট্রাক আটক করেছে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল। গত মঙ্গলবার রাতে পঞ্চগড়  সদর উপজেলার জগদল এলাকার আল আমিন টি হাউজে বিক্রি করার সময় ট্রাকটি আটক করে।

পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিস জানায়, উত্তরা গ্রিন টি কারখানার আবেদনের ভিত্তিতে সিলগালা করে এক ট্রাক চা চট্টগ্রাম নিলাম বাজারে পাঠানো হয়। কিন্তু ভ্যাট ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে  ট্রাকটি চট্টগ্রামে না গিয়ে সদর উপজেলার জগদল এলাকার আল আমিন টি হাউজে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান আলীর নেতৃত্বে একটি দল ট্রাক থেকে বস্তা নামানোর সময় হাতেনাতে ট্রাকসহ ২০০ বস্তা চা আটক করে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তাবৃন্দ। চায়ের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা হবে বলে মনে করছেন কাস্টমস কর্তৃপক্ষ।