কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম সেনানিবাসস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে গতকাল বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ৪ এপ্রিল রেজিমেন্ট অব আর্টিলারি এবং ঐ বছরের ১০ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টায়             বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’-এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং রেজিমেন্ট অব আর্টিলারিতে সংযোজন করেছেন অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি। রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে, দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। —আইএসপিআর