স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। তিনি বলেন, ‘তিনি নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান।’ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যদি সত্যিকার অর্থে তিনি কোনো অপরাধে যুক্ত থাকেন, তাহলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হোক। আমি কিছু বলব না। সে কোনো দলের সঙ্গে যুক্ত নন।’

৮ জুন থেকে ত্ব-হাসহ চার জন নিখোঁজ রয়েছেন। চার জন একটি প্রাইভেট কার নিয়ে রংপুর থেকে ঢাকায় আসার পথে কোথা থেকে কীভাবে নিখোঁজ হয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীও।

সংবাদ সম্মেলনে ত্ব-হার স্ত্রী বলেন, ‘রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার পথে বিকাল ৪টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া কর যেন কিছু না হয়। এর ২০ থেকে ২৪ মিনিট পর ফোন করে জানান বাইকগুলো চলে গেছে। তুমি রান্না কর, আমরা চার জন বাসায় এসে ভাত খাব।’

খুতবা ও বক্তব্যে জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে কথা বলতেন। কারো প্রতি সন্দেহ করছেন কি না জানতে চাইলে আদনানের স্ত্রী বলেন, ‘কারো প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। কখনো মনে হয় তিনি জিও পলিটিক্যাল কথা বলতেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করতেন। আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার কাজ কি না তাও বুঝতে পারছি না।’

স্বামীর পড়াশুনার বিষয়ে তিনি বলেন, ‘তার ব্যাকগ্রাউন্ড ছিল জেনারেল। তিনি ফিলোসফিতে মাস্টার্স করেছেন এবং সালাফি মাদ্রাসা থেকে আরবিতে অনেক শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। কিন্তু সালাফি, হাম্বলি, কওমি, দেওবন্দি কিংবা আহালে হাদিসের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।’