করোনায় ৪৩ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু আরো বেড়েছে।  গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ হাজার ৯৫৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা প্রায় আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ৬০ জনের মৃত্যু হয়েছে, যা ৪৩ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২২ এপ্রিল, সেদিন ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৪ মে। সেদিন করোনা ভাইরাসে ৬১ জনের মৃত্যুর খবর এসেছিল। মঙ্গলবারও দেশে ৫০ জনের মৃত্যুর খবর এসেছিল, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৩১৯ জন। গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৮২ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ২ হাজার ৬৭৯ জন সুস্থ হয়ে উঠেছে। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেলটার সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় রাজশাহী ও খুলনার ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যু গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছিল। গত কয়েক দিন ধরে ঢাকাতেও শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে। ঢাকা মহানগরীসহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সারা দেশে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১৩টি ল্যাবে ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।