ভোক্তার স্বার্থ রক্ষায় পৃথক মন্ত্রণালয়ের দাবি ক্যাবের

ভোক্তাদের স্বার্থ দেখভালের জন্যে পৃথক মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব নেতৃবৃন্দ বলেছেন, বিগত তিন বছরের মধ্যে ২০২০ সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় সর্বাধিক বেড়েছে। অন্যদিকে এ সময়ে করোনা মহামারির প্রভাবে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের আয়-রোজগার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তাদের জীবনমান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টান্ত তুলে ধরে এ দাবি জানান তারা। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে সংগঠনের সভাপতি গোলাম রহমান বলেন, করোনাকালে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে, আয় কমে যাওয়ায় মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা বিপাকে পড়েছে।

ক্যাব সভাপতি গোলাম রহমান আরো বলেন, ২০২০ সালে জীবনযাপনের ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮৮শতাংশ। পণ্য ও সেবা-সার্ভিসের মূল্য বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। পূর্ববর্তী ২০১৯ সালে এই বৃদ্ধি ছিল যথাক্রমে ৬ দশমিক ৫০ শতাংশ এবং ৬ দশমিক ০৮ শতাংশ। ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল যথাক্রমে ৬ দশমিক শূন্য শতাংশ এবং ৫ দশমিক ১৯ শতাংশ। দুর্নীতি দমন কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে চালের গড় মূল্যবৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ। ২০২০ সালে ২০১৯ এর তুলনায় গরু ও খাসির মাংসের দাম বেড়েছে গড়ে ১০ দশমিক ৪৯ শতাংশ, মুরগির দাম ১০ দশমিক ৮৩ শতাংশ আর ডিমের দাম গড়ে বেড়েছে ৫ দশমিক ৩২ শতাংশ। মাছের মূল্যবৃদ্ধি পেয়েছে গড়ে ৭ দশমিক ১৩ শতাংশ। গড়ে গুঁড়া দুধের দাম বেড়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের গড় বাড়িভাড়া বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ, এর মধ্য সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ফ্ল্যাট বাসায় ৭ দশমিক ৮৫ শতাংশ, বস্তিতে ঘরভাড়া বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ এবং মেসের আট সিটবিশিষ্ট রুমের ভাড়া বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে সাধারণ শাড়ি কাপড়ের দাম বেড়েছে গড়ে ৯ শতাংশেরও বেশি। ওয়াসার পানি প্রতি হাজার লিটারে দাম বেড়েছে ২৫ শতাংশ। আবাসিকে বিদ্যুতের গড় মূল্য বেড়েছে ৬ দশমিক ০৫ শতাংশ এবং বাণিজ্যিক বিদ্যুতে মূল্য বেড়েছে গড়ে ৪ দশমিক ৮১ শতাংশ।

ক্যাবের সহযোগী প্রতিষ্ঠান ভোক্তাকণ্ঠ সম্পাদক কাজী আব্দুল হান্নানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।