‘গার্ড অব অনারে বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশ অসাংবিধানিক’

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ‘মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে এই ধরনের লজ্জাজনক বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মুখোশধারী হিসেবে এখনো সব জায়গায় আছে। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

গতকাল বুধবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। ১৭০টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সংবিধানের মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার ভোগ করার কথা বলা হয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। এ সময় তিনি গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশের যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের কাছে তাদের শাস্তির দাবি জানান। গার্ড অব অনার একটি রাষ্ট্রীয় সম্মান। এখানে ধর্মান্ধতার দোহাই দিয়ে নারীদের সরিয়ে রাখার সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য নয়।