ভারতে করোনায় আরও এক সিংহের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক সিংহের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) স্থানীয় সময় সকালে রাজ্যটির আরিগনার আন্না চিড়িয়াখানায় সিংহটির মৃত্যু হয় বলে জানা গেছে। ১২ বছর বয়সী এই সিংহের শরীরে গত ৩ জুন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি মাসের শুরুতে নীলা নামের আরও এক ৯ বছর বয়সী সিংহী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। সিংহীটিও একই চিড়িয়াখানার বাসিন্দা ছিল। সেই সময় চিড়িয়াখানার ১৪টি সিংহের মধ্যে ৭টিই করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়। তাদেরই একটি বুধবার মারা গেলো। এই নিয়ে দু’সপ্তাহের ভেতরে ২ টি সিংহের মৃত্যু হওয়ায় আশঙ্কা বাড়ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

করোনায় আক্রান্ত অন্য সিংহগুলোর শারীরিক পরিস্থিতি নিয়ে আরিগনার আন্না চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত সবার চিকিৎসা করা হচ্ছে। তবে তাদের মধ্যে ৩টি সিংহের শারীরিক পরিস্থিতি বেশ চিন্তার। চিকিৎসা সেবা দেওয়া হলেও বেশ ধীরে ধীরে সাড়া দিচ্ছে তারা। আর তাই তাদের ওপর বিশেষ নজর রাখা রাখার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া তামিলনাড়ুর পশু চিকিৎসা ও পশুবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একইসঙ্গে সিংহদের কাছ থেকে চিড়িয়াখানার অন্যান্য পশুপাখিদের মধ্যেও যেন ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে।

ইত্তেফাক/টিআর