মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর করেছেন জো বাইডেন। সফর শেষে হোয়াইট হাউজে ফেরার বিষয়টি জানিয়েছেন তিনি।
এক টুইটে বাইডেন বলেন, ‘আপাতত কাজ শেষ, প্রথম বিদেশ সফর শেষে আমি হোয়াইট হাউজে ফিরছি। খুব ব্যস্ত একটি সপ্তাহ পার করেছি। এটা পরিষ্কার যে আমেরিকা ফিরে এসেছে। আমাদের জোট আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। জোটের সঙ্গীদের সঙ্গে নিয়ে আমরা সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি।’
That’s a wrap, folks. I’m on my way back to the White House from my first overseas trip as president. After a busy week, it’s clear America is back, our alliances are stronger than ever, and we’re ready to tackle the toughest global challenges of our time alongside our allies.
— President Biden (@POTUS) June 17, 2021
গত সপ্তাহে জি-৭ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে পৌছান বাইডেন। সেখানে তিনি জি-৭ নেতাদের সঙ্গে বৈইঠকের পাশাপাশি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেছেন। তারপর যোগ দিয়েছেন ন্যাটো বৈঠকে। সবশেষ গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করলেন দীর্ঘ প্রতিক্ষীত এক বৈঠক।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে আমার এজেন্ডা জানিয়েছি। এটি রাশিয়া বা কারোর বিরুদ্ধে নয়, এটি আমেরিকার জনগণের জন্য। আমেরিকান হিসেবে সব সময় মানবাধিকারের বিষয়টি আলোচনার টেবিলে থাকবে। তিনি মূলত সৌহার্দমূলক মনোভাব দেখিয়েছেন।’
তিনি বলেন, ‘পুতিন জানেন যে পরবর্তী সময়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ বা সাইবার হামলা চালালে পরিণতি কী হতে পারে।’
কেন পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রয়োজন হলো এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি যা বলতে চাই তা যেন সঠিকভাবে পুতিনের কাছে পৌঁছায় এবং আমার বক্তব্যের যেন কোনো ভুল ব্যাখ্যা না আসে সেজন্যই সরাসরি বৈঠক করে পুতিনকে জানিয়েছি। আমি আমাদের মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো পুতিনের কাছে সরাসরি উপস্থাপন করেছি। দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়েও কথা বলেছি যার মাধ্যমে বিশ্বও লাভবান হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি পুতিনের সঙ্গে তাই বলেছি যা আমি করতে এসেছি। বাইডেন আরো বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের মতপার্থক্য আছে। কিন্তু কেন এবং সেগুলো কী সেটা আমি পুতিনকে বলেছি। আমি যা করছি তা কেন করছি সেই বিষয়টিও পুতিনকে জানিয়েছি। আমেরিকার স্বার্থে আঘাত আসলে আমরা কেমন প্রতিক্রিয়া জানাব তাও পুতিনকে জানালাম।’
ইত্তেফাক/টিআর