বৃষ্টি পড়ে শহর গাঁয়ে
মেঠো পথে সবুজ ছায়ে
আকাশ ভেঙে বৃষ্টি পড়ে
খালে বিলে নদীর চরে।
বৃষ্টি পড়ে খেলার মাঠে
ফেরিঘাটে বাজার হাটে
বৃষ্টি পড়ে দাদুর টাকে
নকশি ছাতার ছেঁড়া ফাঁকে।
বৃষ্টি পড়ে টিনের চালে
ঝমঝমাঝম সুরের তালে
বৃষ্টি পড়ে দূর্বা ঘাসে
ব্যাঙের ছানা মুচকি হাসে।
বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায়
চাঁপার বাগে ফুলের বোঁটায়
বৃষ্টি পড়ে কুঁড়েঘরে
আজলা ভরে দুঃখ ঝরে।