ভাল্লাগে না লেখাপড়া ভাল্লাগে না বই
ইচ্ছে করে বাবার মতো অনেক বড় হই।
সারাটাদিন বাবা-মায়ের একটি কথাই—পড়ো।
টেবিলজুড়ে একগাদা বই করতে থাকি জড়ো।
ঘুমকাতুরে সকালবেলা জল ঢালি হাত-মুখে
ডিম মামলেট করে যে মা খাওয়ান পরম সুখে।
সূর্য ওঠার সঙ্গে আমি ইসকুলে দিই পাড়ি
ইসকুলে ক্লাস, কোচিং সেরে সন্ধে ফিরি বাড়ি।
একটুখানি নেই অবসর ব্যস্ত থাকি রোজ
মন বলে তুই আঁক্ না ছবি—রং করি তাই খোঁজ।
ডাংগুলি আর লাটিম-ঘুড়ি হয় না এসব খেলা
বই কেড়ে নেয় রৌদ্রসকাল রঙিন বিকেলবেলা।
চারদেয়ালের মধ্যে আমার দিন কাটে রাত কাটে
ইচ্ছে আমার যাই পালিয়ে জোছনাধোয়া মাঠে।
কিন্তু লেখাপড়ার চাপে হয় না কোথাও যাওয়া
আমার জন্যে কান্না করে মিষ্টি হিমেল হাওয়া।
বাবা কি আর এমন করেই পার করেছে দিন?
ইচ্ছে করে বাবার মতো দিন করি রঙিন।